বিক্ষোভের জেরে ইরানের রাষ্ট্রদূতকে তলব ইতালির
<![CDATA[
হিজাববিরোধী আন্দোলনে ‘অগ্রহণযোগ্য’ প্রতিক্রিয়ার প্রতিবাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা সবৌরিকে তলব করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তার দফতর এ তথ্য নিশ্চিত করে। খবর আল আরাবিয়া।
গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা সাবৌরিকে বুধবার (২৮ ডিসেম্বর) একটি বৈঠকে ডাকা হয়েছিল।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী তাজানি ইরানের এমন পরিস্থিতি সৃষ্টিকে ‘অগ্রহণযোগ্য লজ্জা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে বলেন, রোম নারীদের প্রতিরক্ষায় ‘কঠোর অবস্থান’ গ্রহণ করেছে।
এর আগে গেল ২২ ডিসেম্বর এক বক্তৃতায় তাজানি বলেন, ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার তেহরানের সাথে ‘কূটনীতির দ্বার উন্মুক্ত রাখতে’ চায়, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে।
আরও পড়ুন: ইরানে হিজাববিরোধী আন্দোলনের ‘সেঞ্চুরি’
গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী ইরানি কুর্দি মাহসা আমিনি নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারানোর পর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীদের জন্য দেশটির কঠোর পোশাক বিধি লঙ্ঘন করায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
অসলো-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বলেছে, বিক্ষোভকালে গ্রেফতার হওয়া অন্তত ১০০ ইরানি নাগরিককে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অভিযোগের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।
আরও পড়ুন: দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ইতালি সরকার
এদিকে, ইরানের কর্মকর্তারা দেশটিতে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে বৈরি বিদেশি শক্তি হিসেবে অভিযুক্ত করেছেন।
]]>




