সরিষা চাষে সফলতা দেখছেন বাগেরহাটের চাষিরা
<![CDATA[
বাগেরহাটে প্রথমবারের মতো স্বল্প ব্যয়ে কম সময়ে সরিষা চাষে সফলতা দেখছেন চাষিরা। ঘেরের পাড়, পতিত জমি ও রাস্তার পাশে বারি-১৪ জাতের সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন তারা।
এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ শতাংশ বেশি সরিষা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হলে ভোজ্যতেল আমদানি কমবে বলে মনে করছে কৃষি বিভাগ।
যেদিকে চোখ যায়, শুধুই হলুদের সমারোহ। মৃদু বাতাসে দোল খাচ্ছে ফুলে ভরা সরিষা গাছগুলো। বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বাগেরহাটে প্রথমবারের মতো বিভিন্ন এলাকায় ঘেরের পাড়, পতিত জমি ও রাস্তার পাশে বারি-১৪ জাতের সরিষা চাষ হয়েছে। অল্প সময়েই ফুলে ফুলে ভরে গেছে সরিষাগাছ। এখন শুধু অপেক্ষা ফল আসা। সরকারি প্রণোদনা ও কৃষি বিভাগের চেষ্টায় এবার জেলায় ১২০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যেকোনো জমিতে সরিষা চাষ করা যায়। তাই সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা।
কৃষকরা জানান, অল্প সময়ে স্বল্প খরচে বিঘাপ্রতি ২৫ হাজার টাকা লাভ হবে তাদের।
বাগেরহাট সদরের রণভূমি গ্রামের কৃষক জাহাঙ্গীর সরদার বলেন, প্রথমবার ঘেরের পাড়ে এক বিঘা জমিতে সরিষা চাষ করেছি। মাত্র ছয় হাজার টাকা খরচে আশা করি ৩০ হাজার টাকার সরিষা বিক্রি করতে পারব।
আরও পড়ুন: সরিষায় লাভ: মৌ চাষিরা হতাশ
বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা গংগা মনি পাল বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। এ নির্দেশনা নিয়ে আমরা চাষিদের ডোর টু ডোর গিয়ে পতিত জমিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করেছি। প্রথমবারের মতো ফলনও ভালো হয়েছে।’
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, ‘সরিষার আবাদ বাড়াতে ঘেরের পাড়, পতিত জমি ও রাস্তার পাশে তিনশ কৃষকের মাঝে বারি-১৪ জাতের এক কেজি করে সরিষার বীজ, ১ কেজি ইউরিয়া ও ১০ কেজি ডিএপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরও ১০০ কৃষক সরিষা চাষ করছেন। আশা করি সদরের চার শতাধিক সরিষাচাষি ভালো ফলনের মুখ দেখবে।’
আরও পড়ুন: রাজবাড়ীর মাঠে মাঠে প্রকৃতির অলংকার হলুদ সরিষা ফুল
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে।
তিনি আরও বলেন, বাগেরহাটে এ বছর ২৯০০ চাষি সরিষা চাষ করেছেন। ১ হাজার ৪৪০ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
]]>




