ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টকে নিষিদ্ধ করবে ব্রিটেন
<![CDATA[
ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড রেজিমেন্টকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে।
ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে মঙ্গলবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হতে পারে। ব্রিটেনের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাট ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এই উদ্যোগের পেছনে কাজ করছেন বলে জানা গেছে।
রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণার অর্থ হচ্ছে এই সংগঠনে অন্তর্ভুক্ত, বৈঠকে উপস্থিত, জনসমক্ষে লোগো বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। টেলিগ্রাফের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ২-৩ বছরের মধ্যে ইরানে হামলা চালানো হবে: ইসরাইল
গত বছরের আগস্টে ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনি নিরাপত্তা হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে গত সপ্তাহে সাত জনকে গ্রেফতার করে ইরানের রেভল্যুশনারি গার্ড। তাদের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে জান গেছে। এদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। বুধবার ইরানকে দ্বৈত নাগরিকদের আটক করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট (আইআরজিসি) হলো ইরানি সামরিক বাহিনীর একটি শাখা যা ১৯৭৯ সালের ২২ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে প্রতিষ্ঠিত হয়। ইরানি সংবিধান অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে, অন্যদিকে বিপ্লবী গার্ড রেজিমেন্ট (আইআরজিসি) ইরানের ইসলামি প্রজাতন্ত্রী রাষ্ট্রকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আইআরজিসির সেনা, বিমান ও নৌবাহিনী মিলিয়ে অন্তত ২ লাখ ৫০ হাজার সামরিক কর্মী রয়েছে।
]]>




