বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন রবিন দাসের
<![CDATA[
টাইগার জার্সিতে নয় বরং সুযোগ পেলে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটার রবিন দাসের। প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পাওয়াকে মানছেন নিজেকে প্রমাণের বড় মঞ্চ হিসেবে। তবে কোনো নির্দিষ্ট লক্ষ্য নয় বরং টুর্নামেন্টকে উপভোগ করতে চান সুনামগঞ্জের রবিন দাস।
চলনে ব্রিটিশ, গড়নে বাংলাদেশি। প্রথম দর্শনে বিভ্রাট লাগাটা অমূলক নয় কারোই। সরল মনে প্রশ্ন জাগতেই পারে ঢাকার অনুশীলনে কুঁড়ি পেরোনো কে এই যুবক? নাম তার রবিন দাস। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটার। পিতৃনিবাস সুনামগঞ্জ হলেও কাউন্ট্রি দল এসেক্সে তার পদচারণা।
তবে রবিন আলোচনায় এসেছিলেন গেল বছর লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করে। বিপিএলে সেই রবিনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটর্স। মিরপুরে (০৯ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্মৃতি রোমন্থন করলেন লর্ডস টেস্টের।
গণমাধ্যমকে রবিন বলেন, ‘এটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। একটা টেস্ট দলের অংশ হতে পারা। তাদের কাছ থেকে অনেক শিখেছি। লর্ডসের টেস্ট ম্যাচের আবহ আমাকে অনেক সমৃদ্ধ করেছে।’
আরও পড়ুন: তৌহিদের ব্যাটে মাশরাফীদের হ্যাটট্রিক জয়
জন্ম কিংবা বেড়ে ওঠা লন্ডনে হওয়ায় নাড়ী বাংলাদেশ সেভাবে টানেনা রবিনকে। সুযোগ মিললে প্রথম পছন্দ তার ইংল্যান্ডই। তবে ভাঙ্গা বাংলায় জানিয়ে দিলেন অব্যক্ত ভালোবাসা।
তিনি বলেন, ‘এখন অবধি আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। কিন্তু আমি কোনো দরজা বন্ধ করতে চাই না ভবিষ্যতের জন্য। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’
বিপিএলে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তবে একাদশে সুযোগ মিললে দলের জয়ে রাখতে চান অবদান। এ টুর্নামেন্টে সুযোগ পাওয়াটা তার কাছে রোমাঞ্চকর।
আরও পড়ুন: মুস্তাফিজকে ব্যাটার বানাল কুমিল্লা!
রবিন বলেন, ‘আমি খুবই খুশি। যখন জানতে পারলাম বিপিএল খেলব সেটা ছিল ভীষণ রোমাঞ্চকর। এটা এমন একটা লিগ যেখানে খেলতে আমি মুখিয়ে ছিলাম অনেকদিন ধরে।’
ঢাকা আর চট্টগ্রাম পর্ব শেষে রবিনের পিতৃভূমি সিলেটের ফিরবে বিপিএল। সেই ম্যাচে রবিনকে সমর্থন দিতে মাঠে থাকবে তার পুরো পরিবার। হয়তো সমর্থকদের ভালোবাসায় মত বদলাতেও পারেন রবিন দাস। তবে তার আগে তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে বিপিএলে।
]]>




