রাজবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর
<![CDATA[
রাজবাড়ী জেলার গোয়ালন্দে মাটি টানা ড্রাম ট্রাকের চাপায় রিয়ান (১১) নামে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ওমর আলী মোল্লার পাড়া সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়ান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেনাপঁচা গ্রামের অটোরিকশা চালক রেজাউল করিমের ছেলে। সে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়ান বাইসাইকেলে দেবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ওমর আলী মোল্লার পাড়া এলাকার কলাবাগানের কাছে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুত গতির মাটি টানা ড্রাম ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে গড়াই নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু
নিহত রিয়ানের বাবা রেজাউল বলেন, আমাদের কোল যে খালি করেছে আমরা তার কঠিন বিচার চাই।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেই সঙ্গে দুর্ঘটনার সাথে জড়িত ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
]]>




