যৌতুক না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার
<![CDATA[
নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না দেয়ায় রত্না বেগম (১৮) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আল রাব্বিকে (১৯) গ্রেফতার করে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রত্না বেগম (১৮) উপজেলার ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আল রাব্বি একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রত্নার সঙ্গো রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময়ে রাব্বি তার স্ত্রী রত্নাকে মারধর করতেন। সোমবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার দাবি জানান রাব্বি। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করেন স্বামী আল রাব্বি। একপর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাব্বি।
আরও পড়ুন: স্ত্রীকে মারধর, আল আমিনের বিরুদ্ধে প্রতিবেদনের দিনক্ষণ ধার্য
পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে বলে জানান তিনি।
]]>




