দেশসেরা রাজশাহী কলেজ
<![CDATA[
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং-২০১৮ তে দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সিনেট হলে ওই ফলাফল ঘোষণা করা হয়।
কি পারফরমেন্স ইনডিকেটর (কেপিআই) এর ভিত্তিতে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে দেশসেরা হয় রাজশাহী কলেজ।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক পাঠদানকারী কলেজের পারফর্মেন্সের ভিত্তিতে ২০১৫-১৬-১৭ সালের কলেজ র্যাংকিংয়ের ফলাফল করা হয়। পরে ২০১৮ সালের কলেজ র্যাংকিংয়ের জন্য অনলাইনে তথ্য প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে সারা দেশ থেকে ২৯১টি কলেজ আবেদন করে। আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়।
পরে কেপিআই ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রামে ১০টি, রাজশাহীতে ১০টি, খুলনায় ১০টি, বরিশাল ৪টি, সিলেট ৬টি, রংপুরে ১০টি এবং ময়মনসিংহের ৮টিসহ মোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
আরও পড়ুন: কারা কী র্যাংকিং করল, এগুলো দেখি না: ঢাবি উপাচার্য
র্যাংকিং অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহীর রাজশাহী কলেজ, দ্বিতীয় অবস্থানে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, তৃতীয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, চতুর্থ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ এবং পঞ্চম অবস্থানে জায়গা করে নেয় রংপুরের কারমাইকেল কলেজ।
মহিলা কলেজ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ এবং জাতীয় পর্যায়ে ঢাকা কমার্স কলেজ সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে চার ধাপ পেছাল ইবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা।
]]>




