নিউজিল্যান্ডকে একশর নিচে অলআউট করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
<![CDATA[
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফেরার জন্য লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না নিউজিল্যান্ডের সামনে। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯৬ রান করলেই জয়ের স্বাদ পেত তারা। অল্প রানের এই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়েছে কিউই শিবির। তাতে ১১৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতে নিল অজিরা। দুদলের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কেয়ার্ন্সে ব্যাটারদের চেয়ে বোলাররাই ম্যাচে বেশি ছড়ি ঘুরিয়েছেন। পুরো ম্যাচে একমাত্র হাফসেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ। ৬১ রান করতে ৯৪ বল লেগেছে তার। অন্যদিকে নিউজিল্যান্ডের বোল্ট ৪টি ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা পেয়েছেন ৫টি উইকেট।
আরও পড়ুন: আফগানদের ক্রিকেট বিপ্লবের নেপথ্যে পাকিস্তান
অস্ট্রেলিয়ার ১৯৬ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। দলীয় ১ রানে মার্টিন গাপটিল, ১৪ রানে ডেভন কনওয়ে ও টম ল্যাথাম, ৩৩ রানে কেন উইলিয়ামসন, ৩৮ রানে ড্যারিল মিচেল, ৪৫ রানে জিমি নিশাম, ৫৪ রানে মাইকেল ব্রেসওয়েলকে হারায় তারা।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংসটি উইলিয়ামসনের। ৫৮ বলে ১৭ রান করেন তিনি। এরপর মিচেল স্যান্টনার ১৬ রানে অপরাজিত থাকলেও টেলএন্ডারদের বাকি সদস্যরা কোমর সোজা করে দাঁড়াতে পারেননি। অজি বোলিং তোপে ৮২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জাম্পা ছাড়াও মিচেল স্টার্ক ও শন অ্যাবোট পান ২টি করে উইকেট। মার্কাস স্টোইনিস নেন এক উইকেট।
আরও পড়ুন: যে কারণে এশিয়া কাপে ভারতের ভরাডুবি
এর আগে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেললে ইনিংস বিপর্যয়ের শঙ্কা জাগে অজি শিবিরে। সেই শঙ্কা কাটে স্টিভ স্মিথের ইনিংসের পাশাপাশি স্টার্ক ও জাম্পা-হ্যাজেলউডদের লড়াকু প্রতিরোধে। স্টার্ক অপরাজিত থাকেন ৩৮ রানে। জাম্পা ১৬ রানে আউট হলে হ্যাজেলউড শেষ পর্যন্ত ক্রিজে থেকে করেন ২৩ রান। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট বাদে ম্যাট হেনরি ৩টি, টিম সাউদি ও স্যান্টনার একটি করে উইকেট পান।
]]>




