জয় দিয়ে আসর শুরু গানারদের
<![CDATA[
শেষবার ২০২০-২১ মৌসুমে ইউরোপা লিগে খেলেছিল আর্সেনাল। সেবার সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের কাছে সেমিতে হেরে বিদায় নিয়েছিল তারা। মাঝে এক মৌসুম ইউরোপের কোনো টুর্নামেন্টে সুযোগ না পেলেও এবার আবারও ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্সেনাল। আর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আসরের প্রথম ম্যাচেই সুইস ক্লাব এফসি জুরিখের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
ইউরোপা লিগে গ্রুপ ‘এ’র ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব এফসি জুরিখের মুখোমুখি হয় আর্সেনাল। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের রক্ষণে হামলে পড়ে গানাররা। ফল পেতেও দেরি হয়নি, ম্যাচের ১৬তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় আর্সেনাল।
আরও পড়ুন: ইউরোপা লিগ /রোনালদোর ফেরার ম্যাচে হারল ইউনাইটেড
সতীর্থ নিকিতার নিখুঁত ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গানারদের জার্সিতে প্রথম গোল করেন মারকুইনহোস। এরপর ম্যাচের ২১ ও ২২তম মিনিটে টানা দুবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আর্সেনালের ফুটবলাররা।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি পায় জুরিখ। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে জুরিখকে ম্যাচে ফেরান মিরলিন্ড কারিইজিউ। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে আর্সেনাল। ম্যাচের ৬২তম মিনিটে আরও একবার এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। প্রথম গোলের গোলদাতা মারকুইনহোসের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন নিকিতা। ম্যাচের বাকি সময়ে কেউই আর বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এদিকে ইউরোপা লিগে দিনের আরেক খেলায় বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটসের বিপক্ষে হেরে গেছে জোসে মরিনহোর দল রোমা। দুই দলের অগোছালো আক্রমণে প্রথমার্ধে গোল পায়নি কেউ।
ম্যাচের ৭২তম মিনিটে এগিয়ে যায় লুডোগোরেটস। সতীর্থ পিয়োওটোরেস্কি অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন অলিভিয়েরা সৌজা। ৮৬তম মিনিটে সমতায় ফেরে রোমা। পেলেগ্রেনির অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে রোমাকে ম্যাচে ফেরান এল্ডার সমুরোদেব। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি রোমার।
আরও পড়ুন: দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে হ্যারি কেইনের আবেগঘন পোস্ট
মাত্র দুই মিনিট পর আবার এগিয়ে যায় লুডো। রিকের অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করেন নোনাতো। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রোমা। ফলে হার দিয়েই ইউরোপা লিগ শুরু হলো ইতালিয়ান ক্লাবটির।
]]>




