Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে ১ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৬ বছর

সোনাগাজী | তারিখঃ September 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 285 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজী উপজেলায় প্রতারণার অভিযোগে করা মামলায় এক বছরের সাজা পেয়েছিলেন এনামুল হক ওরফে মিন্টু (৭৮) নামের এক ব্যক্তি। সেই সাজা এড়াতে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এনামুল হক উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ২০১৬ সালে প্রতারণার অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। শুনানি শেষে ২০১৭ সালে আদালত এনামুল হককে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

সোনাগাজী থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম সরকার বলেন, ফেনীর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর প্রতারক এনামুল হকের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন। দুই সপ্তাহ আগে এনামুল হককে ধরতে তিনি ছদ্মবেশে তাঁর গ্রামের বাড়িতে এবং কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে তাঁর মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। সেই নম্বরের সূত্র ধরে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!