খারকিভের ইজিয়াম হারালো রাশিয়া
<![CDATA[
ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়াম শহরটি রাশিয়ার হাতছাড়া হয়ে গেছে। ইউক্রেনের সপ্তাহব্যাপী পাল্টা হামলার মুখে রোববার (১১ সেপ্টেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। শহরটির পতনকে মস্কোর জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও জেরুজালেম পোস্টের।
ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় শেষ পর্যন্ত ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম প্রধান একটি ফ্রন্টলাইন থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে। ছেড়ে দিতে হয়েছে উত্তর-পূর্ব ইউক্রেনে তাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ইজিয়ামকে।
ইজিয়ামকে দোনবাস অভিযানের রসদঘাঁটি হিসেবে ব্যবহার করত রুশ সেনাবাহিনী। তবে এর পুনর্দখলকে ইউক্রেনীয় সেনাদের উত্তর-পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার ঘটনাকে যুদ্ধের ‘মোড় পরিবর্তন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইউক্রেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই জয় ইউক্রেনের উদ্দীপনা বাড়াবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খারকিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের জন্য খারকিভের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে দোনেৎস্কে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় দাবি করেছে, গত তিন দিন ধরে দোনেৎস্ক প্রজাতন্ত্রের ওই দুটি এলাকায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। সেনাদের ক্ষতি ঠেকাতে সামরিক বাহিনী খারকিভে ইউক্রেনের সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা জোরদার করে। এতে গত তিন দিনে ১০০ ট্যাংক ও সাঁজোয়াযান ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: খারকিভের ৩০ বসতি পুনর্দখল ইউক্রেন বাহিনীর
]]>




