দেউলিয়া শ্রীলঙ্কাই উড়াল এশিয়ান শ্রেষ্ঠত্বের ঝান্ডা
<![CDATA[
মারাত্মক অর্থনৈতিক সংকটেও ক্রিকেটে অনন্য শ্রীলঙ্কা। রাজনৈতিক অস্থিরতার কারণে নিজ দেশের এশিয়া কাপ চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বিদেশের মাটিতে খেলেও লঙ্কানরা চ্যাম্পিয়ন। সব প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় সে দৃষ্টান্তই স্থাপন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ধ্বংসস্তুপে চাপা পড়ে সৃষ্টির স্বপ্ন দেখা দেশটাই বোধ হয় শ্রীলঙ্কা। মারাত্মক অর্থনৈতিক সংকটে যাদের জীবিকা বন্ধ হওয়ার জোগাড়, তেলের অভাবে যেখানে গাড়ির চাকা রুদ্ধ কিংবা ব্যাধি থেকে আরোগ্য লাভের ওষুধের নিশ্চয়তা দিতে ব্যর্থ যে দেশ, সেখানেই ফোটে ক্রিকেটের বটবৃক্ষের অঙ্কুর।
সংকট আসবেই। প্রতিকুল পরিবেশ উপড়ে ফেলে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়াই জীবনের সার্থকতা। যেটা করে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর তাই চরম অনিশ্চিয়তার মাঝে থেকেও এশিয়ার পাওয়ার হাউজদের পরাজিত করে ওরা উড়ায় এশিয়ান শ্রেষ্ঠত্বের ঝান্ডা।
আরও পড়ুন: শ্রেষ্ঠত্বের মুকুট শ্রীলঙ্কার
অথচ নিজ দেশ থেকে এবারের এশিয়া কাপ যখন সরে গেলো সংযুক্ত আরব আমিরাতে, ওদের পক্ষে বাজি ধরার ছিল না কেউ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর অনেকে ধরেই নিয়েছিলেন এবারের আসর হয়তো চলবে ওদের দেশের পরিস্থিতির মতোই। তবে পরিস্থিতি বদলাতে লাগেনি বেশিক্ষণ।
ঘুরে দাঁড়াতে বোর্ড কর্তা কিংবা উচ্চ পদস্থ কারো শরণাপন্ন হতে হয়নি লঙ্কান ক্রিকেটারদের। বরং দৃঢ় প্রতিজ্ঞ চিত্তে নিজেদের করণীয় বুঝে দায়িত্ব সুচারুভাবে পালন করে গেছেন তারা। ওদের চোয়াল বদ্ধ লড়াইয়ে হার মেনে বিদায় নিয়েছে ভারত। পথের কাঁটা হতে পারেনি আফগানিস্তান কিংবা পাকিস্তান।
আরও পড়ুন: শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি, তাই তারা চ্যাম্পিয়ন: রিজওয়ান
ইতিহাস সব সময়ই সাক্ষ্য দেয় বিজয়ের পক্ষে। ২০২২ এশিয়া কাপে লিখা থাকবে শ্রীলঙ্কার বিরত্বগাথা। তবে লিখা থাকবে না, কী পরিস্থিতির মোকাবিলা করে ওরা জিতেছিল এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপা। ক্রিকেট পাথেয় করে সে অর্জনে ওরা সাহস কুড়ায় আবারো ঘুরে দাঁড়ানোর।
]]>




