মৌলভীবাজারে টিলার মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা
<![CDATA[
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের অপরাধে ট্রাক্টর মালিক মো. দিনার হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় টিলা কাটা চলছে–এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় টিলা কাটার সত্যতা পাওয়া যায় । অভিযানের বিষয় আঁচ করতে পেরে ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
আরও পড়ুন: টাঙ্গাইলে টিলা কেটে মাটি বিক্রির মহোৎসব
পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে টিলা কেটে মাটি পাচার করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর মালিক মো. দিনার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, যারা অবৈধভাবে পাহাড়, টিলা ও জমির উপরি ভাগের মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
]]>




