রানির শাসনামলে যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট
<![CDATA[
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে বিশ্ব রাজনীতিতে ঘটেছে বহু পরিবর্তন। বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদলের সাক্ষী হয়েছেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর ২১৪ দিন ক্ষমতায় থাকাকালে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র দেখেছে ১৫ জন প্রেসিডেন্ট। ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনসহ ১৪ জনের সঙ্গেই সাক্ষাৎ হয়েছিল রানির। খবর সিএনএন।
১৯৫১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কানাডিয়ান অ্যাম্বাসিতে ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে দেখা করেন সে সময়ের প্রিন্সেস এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। সফরকালে প্রিন্সেস এলিজাবেথকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৫৩ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছাড়েন ট্রুম্যান। আর এর ঠিক পাঁচ মাস পরেই প্রিন্সেস এলিজাবেথের মাথায় ওঠে ব্রিটেনের রানির মুকুট।
১৯৫৭ সালের জানুয়ারিতে আবারও ওয়াশিংটন সফর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সে সময় ৩৪তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডোয়াইট ডি আইসেনহাওয়ার। বিমানবন্দরে রানিকে স্বাগত জানাতে নিজেই উপস্থিত ছিলেন আইসেনহাওয়ার। পরে একসঙ্গে হোয়াইট হাউসে যান তারা। রানির সম্মানে রাতে হোয়াইট হাউসেই ডিনারের আয়োজন করা হয়।
৩৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৬১ সালে ব্রিটেন সফর করেন জন এফ কেনেডি। এ সময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যান তিনি। ১৯৬৩ সালের নভেম্বরে আততায়ীর গুলিতে কেনেডি নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ওঠে লিন্ডন বি জনসনের কাঁধে। তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যার সাক্ষাৎ হয়নি রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে।
আরও পড়ুন: রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন
এরপর ১৯৬৯ সালে ৩৭তম মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আর ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে দেখা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর জিম কার্টার, রোনাল্ড রিগ্যান, জর্জ হার্বার্ট বুশ, বিল ক্লিনটন, জর্জ বুশের ছেলে জর্জ ওয়াকার বুশের সঙ্গেও সাক্ষাৎ হয় রানির।
২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন বারাক ওবামা। এর ঠিক এক বছর পর ২০০৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ওবামা। এরপর ২০১১ ও ২০১৬ সালে আরও দুবার রানির দেখা পান তিনি।
আরও পড়ুন: এমি অ্যাওয়ার্ড জিতলেন ওবামা
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক পরের বছরই যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর করেন তিনি। আলোচিত ও সমালোচিত এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সে সময় সাক্ষাতের কথা না থাকলেও প্রটোকল ভেঙে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাম্প।
সবশেষ ২০২১ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ব্রিটেন সফর করেন। এ সময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে লন্ডনের উইন্ডসর ক্যাসলে সাক্ষাৎ হয় তাদের।
]]>




