উত্তরপ্রদেশে ২ কিশোরীকে ধর্ষণের পর খুন
<![CDATA[
ভারতের উত্তরপ্রদেশে দুই কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে লখিমপুর খেরি থেকে উদ্ধার হয় ওই দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ। একটি গাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর আনন্দবাজারের
ওই দুই কিশোরীর মা জানিয়েছেন, মোটরসাইকেলে কয়েকজন লোক তার মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। তাদের ধর্ষণ করে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা দলিত পরিবারের সদস্য। খবর পেয়ে নিঘাসন থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলোকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকার।
প্রসঙ্গত, গত বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে যেই জায়গায় কৃষকদের গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল, মৃতদেহগুলো তার কাছাকাছি একটি এলাকা থেকে উদ্ধার হয়েছে।
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যেই ওই এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন, বিরোধী নেতা অখিলেশ যাদব। রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তিনি।
টুইটারে তিনি লেখেন, যোগী সরকারের গুন্ডারা প্রতিদিন মা-বোনদের হয়রানি করছে। এটা খুবই লজ্জাজনক। সরকারের উচিত বিষয়টির তদন্ত করা। দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে।
লখনউ রেঞ্জের আইজিপি লক্ষ্মী সিংহ বলেন, ওই কিশোরীদের যখন উদ্ধার করা হয়, তখন তাদের নিজেদেরই ওড়না গলায় ফাঁস লাগানো ছিল। শরীরে সেইভাবে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে যা অভিযোগ জানানো হবে তার ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করবে।
]]>




