আরেক ঘনিষ্ঠ সহযোগী হারালেন পুতিন
<![CDATA[
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রাভদার সম্পাদক ও খ্যাতনামা সাংবাদিক ভ্লাদিমির সাঙ্গোরকিন মারা গেছেন।
প্রাভদার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। ভ্লাদিমির সাঙ্গোরকিনের মৃত্যুতে শোক প্রকাশ করে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, তার বিদায় ‘রুশ সাংবাদিকতার জন্য এক বড় ক্ষতি’।
বার্তা আদান-প্রদানবিষয়ক অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে প্রাভদার পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার প্রাইমরি অঞ্চলে এক ব্যবসায়িক সফরকালে ‘হঠাৎ করে’ মারা যান সাঙ্গোরকিন।
সে সময় সহকর্মী লিওনিড জাখারভও তার সঙ্গে ছিলেন। খ্যাতনামা রুশ পর্যটক ভ্লাদিমির আরসেনিয়েভের ওপর একটা বই লেখার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সফর করছিলেন তারা।
সাঙ্গোরকিনের মৃত্যুর ব্যাপারে জাখারভ বলেন, সফরকালে একপর্যায়ে সাঙ্গোরকিন তাকে একটু বিশ্রাম নেয়ার প্রস্তাব করেন এবং বলেন, ভালো একটা জায়গা দেখে দুপুরের খাবার খাবেন।
আরও পড়ুন: ইউক্রেনকে আরও ভারী অস্ত্র ও সরঞ্জাম দেবে জার্মানি
এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জাখারভের কথায়, ‘মিনিট তিনেক পরই তার দম বন্ধ হয়ে আসতে থাকে। আমরা তাকে বাইরে খোলা বাতাসে নিয়ে যাই। এরই মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন।’
এরপর তাকে দ্রুতই চিকিৎসকের কাছে নেয়া হয় বলে জানান জাখারভ। তিনি বলেন, ‘চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষার পর জানান, এটা স্ট্রোক ছিল। তবে এটি প্রাথমিক অনুমান।’
তার মৃত্যুর পর বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ‘সাঙ্গোরকিনের মৃত্যু রুশ সাংবাদিকতার জন্য বিরাট ক্ষতির। তিনি সর্বদা তার পেশা, পেশাদার নীতির প্রতি আনুগত্যের উদাহরণ স্থাপন করে গেছেন।’
কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়, সাঙ্গোরকিন ১৯৯৭ সাল থেকে প্রাভদার এডিটর ইন চিফ তথা সম্পাদকের দায়িত্বে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ পুতিনের যেসব সহযোগীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সাঙ্গোরকিন তাদের অন্যতম।
আরও পড়ুন: এবার খারকিভের ইজিয়ামে গণকবর, মিলল ৪৪০ মরদেহ
প্রাভদা রাশিয়ার একটি প্রাচীন সংবাদমাধ্যম। ট্যাবলয়েড পত্রিকাটি সোভিয়েত আমলে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কমিউনিস্ট পার্টির যুব শাখা সেন্ট্রাল কমিটি অব দ্য কমসোমল বা কমিউনিস্ট ইয়থ লীগের মুখপত্র ছিল। পত্রিকাটি রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘খুবই প্রিয় পত্রিকা’ বলে জানা যায়।
কিছুদিন আগেই রাশিয়ার বিশিষ্ট রুশ ব্যবসায়ী ইভান পেচোরিনের রহস্যজনক মৃত্যু হয়। তিনি করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য ফার ইস্ট অ্যান্ড আর্কটিকের শীর্ষ ব্যবস্থাপক ছিলেন। চলতি বছরে রুশ ব্যবসায়ীদের মধ্যে এটি ছিল নবম মৃত্যুর ঘটনা।
]]>




