কোহলি-সূর্যকুমার নৈপুণ্যে সিরিজ নিজেদের করে নিল ভারত
<![CDATA[
বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।
হায়দরাবাদে রোববার (২৫ সেপ্টেম্বর) অজিদের দেয়া ১৮৭ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৯.৫ ওভার মোকাবিলায় সংগ্রহ করে ভারত। এর মধ্যে ১৩২ রানই আসে কোহলি ও সূর্যকুমারের ব্যাট থেকে।
স্বাগতিকদের হয়ে ৩৬ বল মোকাবিলায় সমান ৬ চার ও ছক্কার মারে ৬৯ রান করেন সূর্যকুমার। ৪৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। অজিদের পক্ষে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ড্যানিয়েল স্যামস। একটি করে উইকেট নিজেদের দখলে নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ৪ বল মোকাবিলায় এক রান করে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল। দুই উইকেট জুটিতে কোহলিকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। এগিয়ে এসে বল পুল করতে গিয়ে কামিন্সের বলে তিনি ধরা পড়েন স্যামসের হাতে। ২ চার ও এক ছক্কায় ১৪ বলে ১৭ রান করেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও সূর্যকুমার মিলে অজিদেরকে ছিটকে দেন একেবারে ম্যাচ থেকে।
আরও পড়ুন: ঝুলন গোস্বামীর বিদায় ছাপিয়ে ফের আলোচনায় ‘মানকাডিং’
এ দুজন মিলে ১০.২ ওভারে গড়েন ১০৪ রানের জুটি। বিধ্বংসী হয়ে ওঠা সূর্যকুমারকে ১৪তম ওভারের শেষ বলে এসে ফেরান হ্যাজেলউড। এরপর হার্দিক পান্ডিয়া ক্রিজে এসে দ্রুত রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলের জয়ের জন্য যখন আর মাত্র ৫ রান প্রয়োজন তখন কোহলিকে সাজঘরে ফেরান স্যামস। ১৬ বলে ২ চার ও এক ছক্কার মারে ২৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পান্ডিয়া।
এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে দুটি বিধ্বংসী ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। গ্রিন ২১ বল মোকাবিলায় ২৪৭.৬১ স্ট্রাইকরেটে ৭ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন। বিপদ আরও বাড়ার আগে পঞ্চম ওভারে এসে ভুবনেশ্বর কুমার তার লাগাম টেনে ধরেন। শেষদিকে ২ চার ও ৪ ছক্কার মারে ২৭ বলে ৫৪ রান করা ডেভিডকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল।
আরও পড়ুন: সাকিবের জ্বলে ওঠার দিনে, গায়ানার হ্যাটট্রিক জয়
২০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। এছাড়া ২২ বলে ২৪ রান আসে জশ ইংলিসের ব্যাট থেকে। ৩৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেল।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের দুই ম্যাচে সমান ৬ উইকেটের ব্যবধানে হেরে ভারতের কাছে সিরিজ খুঁইয়েছে তারা।
]]>




