আবির রঙে দেবী বিদায়ের আয়োজন মন্দিরে-মণ্ডপে
<![CDATA[
শারদ সুরে দেশজুড়ে উৎসবের আমেজ। দুঃখ ভুলে আবির রঙে দেবী বিদায়ের আয়োজন মন্দিরে-মণ্ডপে।
বিজয়া দশমীতে ঢাকের তালে বিধিনিষেধহীন সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। সেই সঙ্গে দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। বুধবার (৫ অক্টোবর) বিকেলে শোভাযাত্রার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের।
মণ্ডপে মণ্ডপে বাজছে দেবীর বিদায়ের শেষ সময়ের ঢাক। অশুভকে দূরে রাখাতে শাঁখ আর উলুধ্বনি দিচ্ছেন ভক্তরা। পঞ্চপ্রদীপে ত্রিনয়নীর শেষ আরাধনায় মত্ত ভক্তরা।
আরও পড়ুন: দুর্গাপূজা: সম্প্রীতির বাংলাদেশের অপূর্ব প্রকাশ
লালপাড় সাদা শাড়িতে কপালজোড়া রক্তিম সিঁদুরের আভা। একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে নারী জাগ্রত হন তার স্নেহমহী, মাতৃ ও শক্তিরূপে।
দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে সেই সিঁদুরের টুকটুকে লালে নারী জাগ্রত করে নিজ আত্মরক্ষার শক্তি। সিঁদুরই যেন তার স্বক্ষমতায়নের অস্ত্র, দশমীতে সেই অস্ত্রেই সজ্জিতা হন নারী।
দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এক বছরের জন্য পার্বতী ছেড়ে যাবেন মর্ত্যলোক। তাই মণ্ডপগুলো মুখরিত ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায়।
এদিকে ফুল, বেলপাতা দিয়ে করা হয় এবারের দুর্গাপুজার শেষ অঞ্জলি। বিকেলে বিজয়া শোভাযাত্রা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
]]>




