সোনাগাজীতে এসিল্যান্ডের অফিস সহকারীর বিরুদ্ধে নথি গায়েব ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
সোনাগাজী | তারিখঃ October 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 922 বার
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজীতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী কাম সাঁটমুদ্রাক্ষরিক আবুল বশরের বিরুদ্ধে নথি গায়েব ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোশারফ হোসেন সবুজ পাটোয়ারী নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
শনিবার বিকালে পৌর শহরের হীরা রেস্টুরেন্টে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদালতের আদেশের পর এসিল্যান্ড অফিসের বিবিধ মামলা নং-৬ এর নথি গায়েব করেন অফিস সহকারি আবুল বশর। ২০২০ সাল থেকে দফায় দফায় আবুল বশর তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ঘুস নিয়েছেন। নথির বিষয়ে জানতে চাইলে আবুল বশর এসিল্যান্ডকে দিয়ে গত ২৮ সেপ্টেম্বর শুনানীর দিন ধার্য় করেন। এ সংক্রান্তে তাকে একটি নোটিসও জারি করেন। এ ফাঁকে তার প্রতিপক্ষের সাথে যোগসাজসে আবুল বশর তাকে ফাঁসানোর জন্য কথিত কাগজ চুরির অভিযোগ এনে গত ২০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা করে তাকে কারাগারে প্রেরণ করেন। তিনি ১৬ দিন কারাভোগের পর গত ৬ অক্টোবর বৃহস্পতিবার ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি পান।
তিনি দাবি করেন, তার অনুপস্থিতিতে প্রতিপক্ষের সাথে আঁতাত করে এক তরফা শুনানীর জন্য তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তাই তিনি আবুল বশরের শাস্তি ও মিথ্যা কাগজ চুরির মামলা থেকে অব্যাহতি চান।
তিনি আরো বলেন, গত তিন বছরে আরো দুইবার আবুল বশর তার নথি গায়েব করলে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ দিয়ে এবং তার কাছে থাকা নথির কপি সংযুক্ত করে নথিটি সচল করেন। কিন্তু ফের তৃতীয়বার তার নথি গায়েব করে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়।




