সন্ধ্যার পর খাগড়াছড়ির পথে পথে হামলা-ভাংচুর, আহত ১৫
<![CDATA[
চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলার শিকার হয়েছে দলটির নেতাকর্মীরা। এসময় তাদের বহনকারী গাড়িও ভাংচুর করা হয়েছে। এতে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সোয়া ১১টায় অন্তুত চারটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
এর আগে অগ্রীম টাকা দিয়ে রাখলেও পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে গাড়ি দিতে রাজি হয়নি। পরে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে রওনা দেন। সন্ধ্যার পর পথে পথে হামলা হয় বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা দুটি বাসে করে মাটিরাঙা আওয়ামী লীগের অফিস অতিক্রম করার সময় দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। গুরতর আহত অবস্থায় ৬ জনকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের শপথ বাক্যপাঠ
একই সময় গুইমারা ও মানিকছড়িতে পৃথক হামলায় অন্তত তিনটি গাড়ি ভাংচুর ও বহু নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অগ্রিম টাকায় গাড়ি ভাড়া করার পর আওয়ামী লীগের নেতাদের হুমকিতে মালিক সমিতি গাড়ি দেয়নি। এরপর খাগড়াছড়ি থেকে বিএনপির নেতাকর্মীরা যখন স্ব-উদ্যোগে চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করলো তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাপুরুষের মতো পথে হামলা চালাচ্ছে।
তাদের হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, অবিলম্বে হামলা বন্ধ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সব দায়-দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে।
]]>




