প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ৯ দশমিক ৪৩ শতাংশ
<![CDATA[
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ অর্থের ৯ দশমিক ৪৩ শতাংশ ব্যয় হয়েছে। টাকায় যা ২৪ হাজার ১৪৭ কোটি টাকা। এটি ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছর দেশের এডিপির আকার ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
জুলাই-সেপ্টেম্বর হিসাবে বছর ব্যবধানে ২০ শতাংশের মতো বেশি খরচ হয়েছে। গেল অর্থবছরের একই সময়ে এডিপির ১৯ হাজার ৫৫৯ কোটি টাকা খরচ করা হয়েছিল। সে সময়ের এডিপির ৮ দশমিক ২৬ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। আগের অর্থবছরের তুলনায় চলমান অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুতের দাম তিন কারণে বাড়েনি
আইএমইডির সূত্র বলছে, এবারই গত ৫ বছরের মধ্যে জুলাই-সেপ্টেম্বর সময়ে সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়িত হয়েছে। আগের চার বছর এডিপি বাস্তবায়ন হার ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১৪ হাজার ৯২৬ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১৭ হাজার ৩৪৩ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ১৭ হাজার ৩০১ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ১৫ হাজার ৫৫৯ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।
]]>




