ভ্লাহভিচের গোলে কষ্টের জয় য়্যুভেন্তাসের
<![CDATA[
সিরি ‘আতে জয়ের দেখা পেয়েছে য়্যুভেন্তাস। শনিবার (১৫ অক্টোবর) তোরিনোর বিপক্ষে ১-০ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছে আসরের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা। সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহভিচ ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন।
সিরি ‘আয় সময়টা ভালো যাচ্ছে না য়্যুভেন্তাসের। ধারাবাহিকতার অভাবে ভোগা দলটি আজ জিতছে তো কাল হারছে। ড্র করে পয়েন্ট খোয়াচ্ছে। পয়েন্ট তালিকার সেরা চারেও নেই রেকর্ড চ্যাম্পিয়নরা। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির চাকরিটাও ঝুলছে সুতোর ওপর।
এদিনও পয়েন্ট হারানোর শঙ্কা চেপে ধরছিল তুরিনের ওল্ড লেডিদের। তোরিনোর গোলরক্ষক ভানজা মিলানকোভিচ স্যাভিচের নৈপুণ্যে বারবার গোলবঞ্চিত হচ্ছিল য়্যুভেন্তাস। গোল লক্ষ্য করে নেওয়া ৮টি শটের ৭টিই ঠেকিয়ে দিয়েছেন ২৫ বছর বয়সী সার্বিয়ান গোলরক্ষক।
আরও পড়ুন:বিশ্বকাপের আগে মেসির পর ইনজুরিতে ডি মারিয়া
ম্যাচের ৩৪ মিনিটেই এগিয়ে যেতে পারত য়্যুভেন্তাস। বক্সের ভেতর থেকে নেওয়া দুসান ভ্লাহভিচের শট ঠেকিয়ে দলকে বাঁচান স্যাভিচ।
এছাড়া গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন লুকাতেল্লি। কিন্তু তিনিও ব্যর্থ হন স্যাভিচের বিশ্বস্ত হাতকে ফাঁকি দিতে।
গোল আদায়ের চেষ্টা করেছে তোরিনোও। য়্যুভেন্তাসের গোলে মোট ১৫টি শট নেয় তারা। তবে তার কোনটিই পরীক্ষায় ফেলতে পারেনি য়্যুভেন্তাসের গোলরক্ষক সেজনিকে। মিরানচুক ও ভ্লাসিচের দুটি বাঁকানো শট ঠেকান সেজনি।
আরও পড়ুন:টটেনহ্যামের জয়ের দিনে দুঃসংবাদ ব্রাজিলের জন্য
অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ভাঙে ডেডলক। সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহভিচ গোল করে এগিয়ে দেন তুরিনের ওল্ড লেডিদের। এটি এবারের মৌসুমে তার ষষ্ঠ লিগ গোল। চিরো ইমোবিলে ও অর্নাটোভিচের সঙ্গে যৌথভাবে তিনি এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
এই জয়ে ১০ ম্যাচে সমান ৪ জয় ও ড্র ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে য়্যুভেন্তাস। অন্যদিকে দশম স্থানে থাকা তোরিনো সমান ম্যাচে সংগ্রহ করেছে ১১ পয়েন্ট।
]]>




