ফেনী নদীতে বালু উত্তোলনে বিরোধে জেরে পৌর মেয়রকে গুলি: মামলার প্রধান আসামী রিপন চেয়ারম্যানের হাইকোর্টে জামিন
ফেনী | তারিখঃ October 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 98 বার
ঢাকা অফিস->>
ফেনী নদীতে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কলমির চরে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দারে করা মামলায় প্রধান আসামী মজিবুল হক রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। তিনি ফেনী সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।
আইনজীবী আবু তালেব জেকব জানান, রোববার সকালে উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন চেয়ারম্যান মজিবুল হক রিপন। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান এর বেঞ্চ রিপনকে আগাম জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন।

এদিকে সোনাগাজী উপজেলায় নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ফেনী শহরের মিজান রোড থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মো. পলাশ (৩৫) ও মো. মাসুদ উদ্দিন (৩০)। তাঁরা দুজন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের কলাতলী ও নইরাদপুর এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান বলেন, ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার মামলার আসামিদের গ্রেপ্তার করতে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জেলা শহরের মিজান রোড থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. পলাশ ও মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সকালে মো. শাকিল ও নুরুল আলম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুদিনে এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, শনিবার রাতে গ্রেপ্তার দুজনকে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে ফেনীর করাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা অশোক সেন, যুবলীগ নেতা সাঈদ খানসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শনিবার সকালে মেয়রের সহযোগী মিজানুর রহমান বাদী হয়ে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।




