ফেনী নদীতে বালি তোলার দ্বন্দ্ব: এবার বারইয়ারহাট পৌর মেয়রকে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে মামলা
সোনাগাজী | তারিখঃ October 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 24 বার
সোনাগাজী প্রতিনিধি->>
ফেনী নদী ও কলমির চরে বালি তোলার দ্বন্দ্বের ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামি ও ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-২০জন সহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকীয় প্রত্যয় এন্টারপ্রাইজের ম্যানেজার ও ফাজিলপুর গ্রামের নুরুল আলম বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, বারইয়ার হাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, যুবলীগ নেতা অশোক সেন, মিজানুর রহমান রিয়াদ, জোরারগঞ্জ বাঁশখালী ইউনিয়নের আজমপুর গ্রামের ফরহাদ, রাজু, সুজন, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার গ্রামের মো. পারভেজ, জোরারগঞ্জ পশ্চিম হিঙ্গুলি গ্রামের আবু নাঈম, সোনাপাহাড় গ্রামের আবু সাঈদ, বাঁশখালী গ্রামের মেহেদী হাসান, ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের জোবায়ের পারভেজ, করের হাটের পশ্চিম জোয়ার গ্রামের মো. রাসেল, ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের মো. হারুন, সোনাপাহাড় গ্রামের আশ্রাফুল ইসলাম, হিঙ্গুলি গ্রামের মোহাম্মদ শাহরিয়ার সোহেল, জোরারগঞ্জের ভালুকিয়া গ্রামের ফরহাদ হোসেন রাজু, দক্ষিণ অলি নগরের সাইফুল ইসলাম, পশ্চিম জোয়ারের সাইম নিজাম সাকিব, সাইফুজ্জামান মাসুদ, করের হাটের হাবিলদার বাসার শহীদুল জামান জুয়েল সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন।

মামলায় তিনি উল্লেখ করেন, বাদীর লিজকৃত জায়গায় ১৪ অক্টোবর রেজাউল করিম খোকনের নেতৃত্বে তার সহযোগিরা এলোপাথাড়ি গুলি করে ৫টি বোটে তিন লক্ষাধিক টাকার বালি, ১৬টি ব্যাটারি, ২০ ড্রাম ডিজেল সহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট ও চারটি নোঙর করা জাহাজ ভাঙচুর করে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এতে বাদী সহ কয়েকজন আহত হন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. কাজী বুলবুল আহমেদ সোহাগ।
এর আগে গত ১৫ অক্টোবর বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ ৩ জন গুলিবিদ্ধেরর ঘটনায় ফেনীর ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মেয়র খোকনের ব্যবসায়ীক অংশিদার মো. মিজানুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ শাকিল, নূর আলম, পলাশ ও মাসুদ উদ্দিন সহ চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

প্রসঙ্গত; দীর্ঘ দিন যাবৎ ফেনী ও মীরসরাই এলাকার দুটি গ্রুপ ফেনী নদীর বিভিন্ন স্পট ও কলমির নামক স্থান থেকে ভ্রাম্যমান ড্রেজার দিয়ে বালি তুলে অর্ধশতাধিক বোট দিয়ে বালি লুটে করে যাচ্ছেন। গত কয়েক দিন যাবৎ মিরসরাই উপজেলার বারইয়ার হাট পৌর মেয়র রেজাউল করিম খোকন ও ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম খোকন ও তাদের সমর্থকের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে মেয়র খোকনের লোকজন বালি তুলতে গেলে রিপন চেয়ারম্যানের লোকজন দুটি বালিবাহী বোট আটকে রাখে। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে আরেকটি বোট যোগে মেয়র খোকন তার অনুসারীদের নিয়ে বোট দুটি ছাড়িয়ে আনতে গেলে আরেকটি বোটে থাকা রিপন চেয়ারম্যানের ১৫-২০ জন সশস্ত্র অনুসারী এলোপাথাড়ি গুলি করলে বারইয়ার পৌর মেয়রসহ তার অনুসারী যুবলীগ নেতা অশোক সেন ও শহীদ খান দুখু গুলিবিদ্ধ হন।




