‘ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ’
<![CDATA[
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন দলটির সাবেক অধিনায়ক কপিল দেব। ভারতের হয়ে প্রথম বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, ফাইনালে তো দূরে থাক, ভারতের সেমিফাইনালে যাওয়ারও খুবই ক্ষীণ সম্ভাবনা দেখছেন কপিল দেব।
বিশ্বকাপের আগে সব দলের কিংবদন্তি খেলোয়াড়দের কাছেই জানতে চাওয়া হয় তার দল কতদূর জেতে পারে। এমনই এক প্রশ্ন কপিল দেবকে করেছিল ভারতীয় গণমাধ্যম। জবাবে তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে রোহিতদের ভালো ফল করার সম্ভাবনা কম। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ /ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে
কপিল দেব বলেন, ‘টি-টোয়েন্টিতে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কিন্তু আমার মনে হচ্ছে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুব কম। এখন প্রশ্ন: ভারত কি সেমিফাইনালে উঠতে পারবে? আমার উত্তর, ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। সে কারণেই আমার চিন্তা হচ্ছে।’
কিন্তু এর যথেষ্ট কারণও দেখিয়েছেন কপিল দেব। ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার জানিয়েছেন, মূলত ভারত পিছিয়ে থাকবে তাদের দুর্বল বোলিং আক্রমণের কারণে। কপিল দেব বলেন, ‘বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরাহ ছিটকে গেছে। দীপক চাহারও নেই। শামি অনেক দিন পর খেলতে নামছে। প্রস্তুতি ম্যাচেও ভারতের বোলিং খুব একটা ভালো লাগেনি। এই বোলিং নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কঠিন।’
তবে দলের সেরা অলরাউন্ডারের প্রশংসা করতে ভোলেননি তিনি। কপিল দেব বলেন, ‘হার্দিক অলরাউন্ডার হিসেবে খুব ভালো। ও থাকায় রোহিত একজন অতিরিক্ত বোলার পাচ্ছে। ব্যাট-বল-ফিল্ডিং–তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে হার্দিক। বিশ্বকাপে ভারতের ফল অনেকটাই হার্দিকের ওপর নির্ভর করবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের পর বাড়ি যেতে পারবে না ইংল্যান্ড
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। আর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেই প্রস্তুতি সেরেছে রোহিত শর্মার দল। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করবে ভারত।
]]>




