মাঠে ১৫ ক্রিকেটার নিয়ে খেলবে অস্ট্রেলিয়া!
<![CDATA[
স্লো ওভার রেটের শাস্তি থেকে বাঁচতে নতুন কৌশল আবিষ্কার করেছে অস্ট্রেলিয়ানরা। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সেটা কাজেও লেগেছে তাদের। এবার বিশ্বকাপের ম্যাচগুলোতে আইসিসির শাস্তি থেকে বাঁচতে সেই কৌশল প্রয়োগ করতে একমত হয়েছে তারা। সে ক্ষেত্রে স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই মাঠে ব্যবহার করবেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ক্রিকেট ম্যাচকে অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং সব দলের জন্য সম সুযোগ সৃষ্টি করতে, নিত্যনতুন আইন নিয়ে কাজ করে আইসিসি। স্লো ওভার রেট এবং ক্রিকেট দলের সময়ক্ষেপণ নিয়ে এ রকমই কিছু আইন আছে ক্রিকেটের ল বুকে।
আরও পড়ুন: টিম প্রিভিউ /শিরোপা ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়া?
কিন্তু, ম্যাচের পর ম্যাচ অধিনায়কদের জরিমানা আর পয়েন্ট কেটেও খুব একটা সুবিধা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাধ্য হয়েই তাই নতুন আইনের পথে হাঁটেন তারা। এ মাসের প্রথম দিন থেকেই যা প্রয়োগ হচ্ছে ২২ গজে। নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ না হলে, শেষ যে কটি বল বাকি থাকবে, সে সময় একজন ফিল্ডার বৃত্তের বাইরে কম রাখতে পারবে বোলিং দল।
এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচে এ নিয়মের জন্য বিপাকে পড়তে দেখা গেছে ফিল্ডিং দলকে। সে কারণেই এবার সময় বাঁচাতে অভিনব এক উপায় বেছে নিল অজি টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।
সেটা কীভাবে? সাধারণত বল বাউন্ডারিতে চলে গেলে, আগে বলবয়রা বল কুড়িয়ে মাঠে পাঠাতেন। কিন্তু করোনার পর থেকে বলবয় মাঠে থাকে না বললেই চলে। সে ক্ষেত্রে মাঠের ফিল্ডারদেরই বাউন্ডারি থেকে বল নিয়ে আসতে হয়। এতে সময় নষ্ট হয় প্রচুর। বিশেষ করে পাওয়ার প্লে-তে যখন বাউন্ডারি হয় হরহামেশা, তখন সময়ের দিকে নজর দিতে পারেন না অধিনায়করা।
অস্ট্রেলিয়ান ড্রেসিং রুম থেকে তাই এবার বাউন্ডারিতে স্কোয়াডে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের মাঠের চারদিকে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বল বাউন্ডারিতে গেলে, দ্রুত সময়ে তারা কুড়িয়ে পাঠিয়ে দেবেন বোলারের হাতে। প্রয়োজনে কোচিং স্টাফের সদস্যরাও হাত লাগাবেন তাদের সঙ্গে।
আরও পড়ুন: দুই হাজার ছক্কা পার করল টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার মাঠ তুলনামূলক বড় হওয়ায়, এ সিদ্ধান্ত বেশ কার্যকরী হবে বলেই মনে করেন তারা। কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে এ কৌশল প্রয়োগ করে সফল হয়েছিল অস্ট্রেলিয়া।
]]>




