পাকিস্তানের বিপক্ষে ইনিংসটিকেই ক্যারিয়ারসেরা বললেন কোহলি
<![CDATA[
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৯০ বা তার বেশি রানের তিনটি ইনিংস খেলেছেন বিরাট কোহলি, করেছেন সেঞ্চুরিও। কিন্তু তার কাছে এতদিন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রানের ইনিংসটিই ছিল সেরা। সেরার প্রশ্নে বদল এসেছে কোহলির উত্তরে। পাকিস্তানের বিপক্ষে রোববারের (২৩ অক্টোবর) ৮২ রানের ইনিংসটিই এখন তার কাছে সেরা বনে গেছে।
মেলবোর্ন স্টেডিয়ামে চাপের মুখে কোহলির ৫৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৪টি ছয়, যার প্রতিটিই কোনো না কোনোভাবে দৃষ্টিনন্দন, কখনো কবজির মোচড়ে বল সীমানার বাইরে, আবার কখনো হাতের জোরে তা পাঠিয়ে দিচ্ছিলেন বোলারের মাথার ওপর দিয়ে। মোটামুটি অসম্ভব বনে যাওয়া সেই ম্যাচটি ভারত শেষ পর্যন্ত জেতে ৪ উইকেটে। অবধারিতভাবে কোহলি হন ম্যাচসেরা।
আরও পড়ুন: ভিলেন থেকে ‘হিরো’ আর্শদীপ সিং!
পাকিস্তানকে হারিয়ে বিরাট কোহলি বলেন, ‘আমি বাকরুদ্ধ। কোনো ভাষা নেই আমার। কীভাবে এটা ঘটেছে, তা-ও জানি না। এই ইনিংসের আগেও আমি ভাবতাম অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটিই ছিল আমার ক্যারিয়ারসেরা। কিন্তু আজ থেকে সেখানে পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৮২ রান করতে কোহলির লেগেছিল ৫১ বল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮২ রান করতে তার চেয়েও ২ বল বেশি লেগেছে। তবুও কেন শেষেরটিকেই সেরা বললেন কোহলি? হয়তো ম্যাচের চাপ বিবেচনায়ই কিংবা প্রতিপক্ষটা পাকিস্তান বলে!
আরও পড়ুন: ক্ষণে ক্ষণে রঙ বদলের ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন কোহলি। স্বদেশি রোহিত শর্মাকে সরিয়ে শীর্ষে যাওয়া কোহলির রান এখন ৩ হাজার ৭৯৪। রোহিতের রান ৩ হাজার ৭৪১। পরের তিনটি স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, পাকিস্তানের বাবর আজম ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এদের মধ্যে গাপটিলের ৩ হাজার ৫৩১, বাবরের ৩ হাজার ২৩১ ও স্টার্লিংয়ের রান ৩ হাজার ১১৯।
]]>




