বগুড়ায় ফুটবল রেফারিদের জন্য উন্নত প্রশিক্ষণ
<![CDATA[
এক যুগ পর বগুড়ায় শুরু হয়েছে ফুটবল রেফরিস বেসিক ট্রেনিং কোর্স। ফিফার বয়সসীমার কথা মাথায় রেখে তরুণদের অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানিয়েছে বগুড়া জেলা ফুটবল রেফরিস অ্যাসোসিয়েশন। পাঁচ দিনব্যাপী এই কোর্স চলবে মঙ্গলবার (২৫ অক্টোবর) পর্যন্ত।
উত্তরবঙ্গের ফুটবল মাঠে মুখগুলো পরিচিত। পাড়া-মহল্লা থেকে শুরু করে পেশাদার টুর্নামেন্ট; নিয়মকানুন মেনে ম্যাচ নির্বিঘ্ন করতে রেফারিরা রাখেন সতর্ক দৃষ্টি। তবে আপাতত তাদের পুরো মনোযোগ রেফারিংয়ের তাত্ত্বিক বিষয়গুলো আরও সূক্ষ্মভাবে রপ্ত করতে।
১২ বছর পর বাংলাদেশ ফুটবল রেফরিস অ্যাসোসিয়েশন, বগুড়ার আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বেসিক ট্রেনিং কোর্স। বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট থেকে শুরু করে সুদূর নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া থেকেও রেফারিরা অংশ নিয়েছেন এই কোর্সে। উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি তারা।
প্রশিক্ষণ নিতে আসা এক নারী বলেন, ‘আমি একজন ফুটবল খেলোয়াড়। পাশাপাশি ফুটবলের সঙ্গে অন্য কাজেও সম্পৃক্ত থাকতে চাই। এ জন্য খেলার পাশাপাশি রেফারি কোর্সটা কমপ্লিট করতে এসেছি।’
আরও পড়ুন: সমুদ্রের নীল জলে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ!
মফস্বলের রেফারিদের মানোন্নয়নের জন্য ঢাকা থেকে এসেছেন দেশের ফুটবল মাঠের পরিচিত মুখ ফিফার লাইসেন্সপ্রাপ্ত রেফারি আজাদ রহমান। ফুটবলের সামগ্রিক উন্নয়নে এমন আয়োজন নিয়মিত করার তাগিদ তার।
বাফুফে হেড অব রেফরিস আজাদ রহমান বলেন, এই কোর্সটা ধারাবাহিকভাবে হওয়া উচিত। এতে তরুণরা উঠে আসবে।
সম্প্রতি কাতার ফুটবল ফেডারেশনের হয়ে একমাত্র দক্ষিণ এশিয়াড হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের শিয়াকত আলী, যা ক্যারিয়ার হিসেবে রেফরিংকে বেছে নিতে উদ্বুদ্ধ করছে তরুণদের। আর ফিফা লাইসেন্সের ৩৫ বছরের বয়সসীমার কথা মাথায় রেখে বাফুফের নির্দেশনা অনুযায়ী তরুণদের অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
আরও পড়ুন: মেসির পর নেইমারের হুঙ্কার
বাংলাদেশ ফুটবল রেফরিস অ্যাসোসিয়েশন, বগুড়ার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু বলেন, ‘বাংলাদেশ থেকে একজন রেফারি বিশ্বকাপে যাচ্ছেন। তিনি এক মাসেই বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার ওপর বিল পাবেন। যদি ২৫ বা ২৬ বছর বয়সী পাই, তবে তারা ফিফা পর্যন্ত ভালোভাবেই পৌঁছাতে পারবেন।’
বগুড়ায় রেফারিদের মানোন্নয়নে এই বেসিক ট্রেনিং কোর্সে তিন নারীসহ মোট ৬০ জন রেফরি অংশগ্রহণ করেছেন।
]]>




