সিত্রাংয়ের প্রভাবে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলা বান্দরবানে আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে।
গত রোববার (২৩ অক্টোবর) রাত থেকে টানা জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। সোমবার (২৪ অক্টোবর) সিত্রাং-এর প্রভাবে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে বৃষ্টিপাত থেমে গেলেও আকাশ মেঘলা ও মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তাই পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্র গুলোও প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং
বান্দরবান আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা সনাতন মণ্ডল বলেন, বান্দরবানে আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। এর ফলে পাহাড় ধস হতে পারে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে শহরে মাইকিং করা হয়েছে।
আরও পড়ুন:আশ্রয়কেন্দ্রে ছুটছে উপকূলের মানুষ
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান বলেন, যেকোনো দুর্যোগে প্রশাসন তৎপর থাকে। ঘূর্ণিঝড় সিত্রাংকে ঘিরেও প্রশাসন সজাগ রয়েছে। এরইমধ্যে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণদের পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
]]>




