ফেনীতে ৩ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফেনী | তারিখঃ October 25th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 466 বার
নিজস্ব প্রতিনিধি->>
ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনীতে পল্লী বিদ্যুতের তিন লাখ ৮০ হাজার গ্রাহমের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিন লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন আছে।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পল্লী বিদ্যুতের ৩৭টি খাম্বা ভেঙেছে ও ৪৫৫টি তার ছিঁড়ে গেছে। এছাড়া ৩৮৫ জন গ্রাহকের মিটার ভেঙেছে। ১১টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। লাইন মেরামতে মাঠে ১১৫টি টিম কাজ করছে। সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে সোনাগাজীতে নদীর পানি ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়া ও গাছপালা তারের উপর ভেঙ্গে পড়ে ৬টি উপজেলার অনেক গ্রাম সোমবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় মধ্য রাত থেকেই ফেনীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় উপজেলাগুলোতে ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে।
ফেনী শহরের একাডেমী এলাকার বাসিন্দা জোহরা হক বলেন, সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়। মঙ্গলবার সকালে বিদ্যুৎ ফিরে আসে। দীর্ সময়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাসায় পানির কষ্ট ও মোবাইলে চার্জ না থাকায় যোগাযোগ বন্ধ ছিলো।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান, ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কৃষি ও বিদ্যুৎ খাতে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। ভোর থেকে সড়কে ভেঙে পড়া গাছগুলো সরানো, ঘর মেরামতসহ আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে লোকজন।




