ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ১১১ হেক্টর জমির আমন ফসলের ক্ষতি
ফেনী | তারিখঃ October 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 196 বার
নিজস্ব প্রতিনিধি->>
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাতে দণ্ডায়মান ১১১ হেক্টর জমির আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে দণ্ডায়মান আমন ধানের গাছ নুয়ে পড়েছে। ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ১৫ হাজার ৯শ ২৯ হেক্টর জমিতে আমন ফসল আবাদ হয়েছিল এর মধ্যে দুর্যোগ আক্রান্ত হয়ে ২৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাগাজী উপজেলায় ২০ হাজার ৯শ ৭৫ হেক্টর জমিতে আমন ফসল আবাদ হয়েছিল সিত্রাং এর প্রভাবে ৬৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দাগনভূঞায় ৮ হাজার ৫শ ১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হেক্টর জমির ফসল। ছাগলনাইয়া উপজেলায় আমন আবাদ হয়েছে ৯ হাজার ২শ ৭৪ হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হেক্টর জমির ফসল। এদিকে ফুলগাজীতে আমন আবাদ হয়েছে ৬ হাজার ২শ ১০ হেক্টর, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হেক্টর জমির ফসল, অপরদিকে পরশুরামে আমন আবাদ হয়েছে ৫ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হেক্টর জমির আমন ফসল। এছাড়া স্বল্প সংখ্যক শীতকালীন শাক-সবজির আবাদ ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন জানান, আমন ফসল গুলো ফ্লাওয়ার পর্যায়ে আছে, ফলে এগুলো ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। জমিতে পানি জমাটবদ্ধ হয়ে থাকলে ধান গাছ পচে যেতে পারে। এক্ষেত্রে নুয়ে পড়া ফসল বেশিরভাগ চিটা হয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের তান্ডব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। প্রকৃত ক্ষতি নিরূপণে আরো কয়েকদিন সময় লাগবে।




