সাতক্ষীরায় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেফতার
<![CDATA[
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনারমোড় মাহমুদপুর গ্রামের বড় ভাই শেখ লোকমান হোসেনকে হত্যার অভিযোগে ছোট ভাই মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার আলীপুর থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে।
পারিবারিক দ্বন্দ্বের জেরে মোশারফ গত ৩০ অক্টোবর সকালে দা দিয়ে তার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে আল আমিন ঘাতক চাচাকে একমাত্র আসামি করে মামলা করে। ঘটনার পরপরই এলাকা ছেড়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও জানান, জেলা ডিবি পুলিশ শুক্রবার রাতে আটকের পর বেলা ১২টার দিকে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: চাঁদপুরে ভাই-ভাতিজার মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারমোড় মাহমুদপুর এলাকার দরিদ্র ভ্যান চালক শেখ মুনসুর আলীর বড় ছেলে লোকমান ৩০ অক্টোবর সকালে তার মেজ ভাই মোশারফের হাতে নির্মমভাবে খুন হয়। জমি-জায়গা নিয়ে বিরোধ এবং টোটকা-কাবিজ করাসহ পিতামাতার কাছে বিশেষ গুরুত্ব পাওয়ার জেরে প্রতিহিংসাবশত সে আপন বড় ভাইকে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ছয় দিনের মাথায় সে পুলিশের হাতে ধরা পড়ে।
নিহত লোকমানের বাবা মুনসুর আলী জানান, চার ছেলের মধ্যে মোশারফ বখাটে প্রকৃতির। বিদেশ থেকে স্ত্রীর পাঠানো টাকায় বসে বসে খাওয়ার পাশাপাশি এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে সে জড়িত। তার বড় ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনি মেজ ছেলের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
]]>




