সিলেটে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
<![CDATA[
আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনস্থলের ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানায় এ মামলা করেন মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়নি। সবাইকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন। কামাল খুনের পর রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে রিকাবিবাজার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ভাঙচুর করেন ও ছিঁড়ে ফেলেন। এসব ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিল।
আরও পড়ুন: সিলেটের বিএনপি নেতা কামাল খুন, গ্রেফতার ১
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনায় পুলিশ চার ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করে। তারা হলেন: ইশতিয়াক আহমদ রাজু, বদরুল ইসলাম নজরুল, মিলাদ আহমদ ও রাজীব আহমদ।
মঙ্গলবার (৮নভেম্বর) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
]]>




